দূর আকাশের নক্ষত্র

দূর আকাশের নক্ষত্র

শাকিল কালাম

নিশিরাতের দূর আকাশের নীলিমায় তুমি আমার
নক্ষত্র – বিশকোটি আলোকবর্ষ দূরে বসে আছো।
আমার জীবনের এক ট্র্যাজিডি; আমি তোমাকে ভালোবেসে ছিলাম! অনুতপ্ততা বা অনুশোচনায়
এ জীবনকে করেছে দূর্লভ। আমি তোমার প্রেমিক,
না, ভুল বললাম। আমি তোমার প্রেমিক নই; বন্ধু
জানো তো, কাউকে ভালোবাসলে মন দিতে হয় –
অস্তিত্ব পুরোপুরি সমর্পণ করতে হয় দুহাত ভরে।

তা তুমি কখনোই করতে পারোনি। পয়মন্ত-মেয়ে;
মা-বাবার আদেশ শিরোধার্য মনে করে নিয়েছো।
আমার একতরফা ভালোবাসা একান্তই আমার!
নিজের যন্ত্রণা-পীড়া, সুখ-দুঃখ মর্মেমর্মে বুঝেছি! অল্পবয়সে মানুষ কল্পনায় আবেগপ্রবণ হয়, আর চঞ্চলতায় আকুলিবিকুলি করে, অজানা যন্ত্রণা।
আমি তোমাকে আটকাতে চেয়েছিলাম, পারিনি।

সকল বাঁধন ছিন্ন করেছো বুনো-হাতির শক্তিতে।
তুমি নিজের মধ্যেই নিজেই কুঁকড়ে যেতে, কিছুই
বুঝতে চাইতে না, তোমার অবনত চাহনি, সবকিছু
ভেঙ্গেচুরে শেষ করে দিয়েছো; আমার রাজ্যপাট।
তোমার মনের জোর ছিলো প্রচণ্ড শক্তিশালী, দুরন্ত তোমার তুলনা তুমিই, অন্য কারো সাথে তোমাকে
আমি তুলনা করতে চাইনি; তুমি আহত হবে বলে।
যাদুকরী শক্তি অলক্ষ্যে হেরে গেছে তোমার কাছে!
বুঝেছি, বাস্তবতা আর কল্পনায় কতোটা না তফাত!

মিশমিশে কালোরাতে তোমার দিকে তাকালে দেখি
তোমার টুনটুনিচোখ; অশ্রুঝরে, ভিজে টিয়ে-ঠোঁট। তোমার সজল চোখে দেখি অপরাধ বোধ! আহা!
দূর অাকাশ থেকে কেনো কাঁদো? মুক্তি চাও? না, মহাকাশ-কারাগার থেকে তোমাকে কোনোদিনই
মুক্তি দেবো না। তুমি আমার আরাধ্য; প্রার্থিতজন,
তারুণ্যের স্বপ্ন আর যৌবনের বিশ্বাস। গহিনরাতে
তারা হয়ে আকাশকোণে জ্বলো মানবিক কল্যাণে।
০২.০৭.২০২০
অন্ধ-প্রেমিক পথ দেখবে তোমারই ঔজ্জ্বল্য দিয়ে।

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>